আচমকা বরফের সাদা চাদরে ঢাকলো সান্দাকফু ও সিকিম! আটকে পর্যটক।

Rupan Baidya 🕒 21 Mar 2026, 12:31 PM | 👁️ 13 বার দেখা হয়েছে

শীতের আমেজ শেষ হওয়ার পরে আবার সাদা তুষারের চাদরে ঢেকে গেল সান্দাকফু। শনিবার থেকে টানা তুষারপাতের জেরে পাহাড়ি এই পর্যটনকেন্দ্র যেন এক নিমিষে রূপ বদলে ফেলেছে।
লাগাতার তুষার পাতে প্রায় ছয় ইঞ্চি পুরু হয়ে জমেছে তুষার। আর সেই মনোরম দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। তবে অতিরিক্ত তুষারপাতের কারণে অনেকেই ওই এলাকায় আটকে পড়েছেন বলে জানা যাচ্ছে। 

প্রশাসন সূত্রে খবর, লাগাতার তুষারপাতের জেরে পাহাড়ি রাস্তাগুলির অবস্থা দ্রুত খারাপ হয়ে পড়েছে। বিশেষ করে জওহরলাল নেহরু সড়কের একটি বড় অংশে যাতায়াত কার্যত বন্ধ হয়ে গিয়েছে, ফলে সান্দাকফুর সঙ্গে যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন। পর্যটকদের যাতায়াতে সমস্যার পাশাপাশি উদ্ধার কাজেও বাধা সৃষ্টি হচ্ছে। অন্যদিকে সিকিমের বিভিন্ন অংশেও একই ছবি ধরা পড়েছে। উত্তর সিকিমের একাধিক গুরুত্বপূর্ণ পথ তুষারের কারণে বন্ধ হয়ে পড়েছে। লাচেন থেকে থাঙ্গু এবং সেখান থেকে গুরুদোংমার যাওয়ার রাস্তা পুরোপুরি অচল। পাশাপাশি ইউমথাং থেকে জিরো পয়েন্ট যাওয়ার পথেও যান চলাচল বন্ধ রয়েছে। তবে সব জায়গাতেই পরিস্থিতি একরকম নয়। চুংথাং থেকে লাচুং ও মঙ্গন পর্যন্ত কিছু রাস্তায় এখনো সীমিতভাবে যান চলাচল চালু রয়েছে। যদিও বড় গাড়ির ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে এবং হালকা গাড়ি ছাড়া অন্য যানবাহন চলাচল আপাতত স্থগিত করা হয়েছে। 

সব মিলিয়ে, তুষারে মোড়া সান্দাকফুর সৌন্দর্য যেমন পর্যটকদের আকর্ষণ করছে, তেমনই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বাড়ছে দুশ্চিন্তাও। আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসন তৎপর রয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।